1. আয়কর আইন, 2025-এর অধীনে পুনর্মূল্যায়নের জন্য নোটিশ জারির প্রক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করুন।
প্রাসঙ্গিক করবর্ষে কোনো আয় মূল্যায়নের বাইরে থেকে গেছে বলে মনে হলে, আয়কর আইন, 2025-এর ধারা 280-এর অধীনে নোটিশ জারির প্রক্রিয়া সংক্ষেপে নিম্নরূপ:
(i) তথ্য – মূল্যায়ন কর্মকর্তার কাছে এমন তথ্য থাকতে হবে, যা থেকে প্রতীয়মান হয় যে কোনো আয় মূল্যায়নের বাইরে থেকে গেছে।
(ii) ব্যাখ্যা চেয়ে নোটিশ – আইনের ধারা 280-এর অধীনে নোটিশ জারি করার আগে, মূল্যায়ন কর্মকর্তাকে নতুন আইনের ধারা 281(1)-এর অধীনে ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করে করদাতাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। ওই নোটিশে এমন তথ্য প্রদান করতে হবে, যা থেকে প্রতীয়মান হয় যে করযোগ্য আয় মূল্যায়নের বাইরে থেকে গেছে, এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে।
(iii) জবাবের পর্যালোচনা – AO-কে করদাতার দেওয়া জবাব বিবেচনা করতে হবে।
(iv) কারণ-উল্লেখপূর্বক আদেশ – অতিরিক্ত কমিশনার বা যুগ্ম কমিশনারের পূর্বানুমোদনক্রমে ধারা 281(3)-এর অধীনে একটি আদেশ জারি করতে হবে, যাতে নির্ধারণ করা হবে যে মামলাটি পুনর্মূল্যায়নের উপযুক্ত কি না।
(v)আইনের ধারা 280-এর অধীনে পুনর্মূল্যায়নের নোটিশ জারি করতে হবে।দ্রষ্টব্য: আইনের ধারা 281(4)-এ উল্লিখিত কিছু পরিস্থিতিতে মূল্যায়ন কর্মকর্তাকে ধারা 281-এ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয় না। তবে, এমন ক্ষেত্রেও ধারা 280-এর অধীনে নোটিশ জারির আগে অতিরিক্ত কমিশনার বা যুগ্ম কমিশনারের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।
2. নতুন আইনের অধীনে পুনর্মূল্যায়নের ক্ষেত্রে, কোন্ ধরনের তথ্য থেকে মনে করা হয় যে কোনো আয় মূল্যায়নের বাইরে থেকে গেছে?
আইনের ধারা 280(6) অনুযায়ী, নিম্নলিখিত বিষয়গুলিকে এমন তথ্য হিসেবে গণ্য করা হবে, যা থেকে মনে করা যায় যে কোনো আয় মূল্যায়নের বাইরে থেকে গেছে:
(i) প্রাসঙ্গিক বছরের জন্য বোর্ডের ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল অনুযায়ী শনাক্ত করা তথ্য।
(ii) নিরীক্ষা-আপত্তি, যা থেকে প্রতীয়মান হয় যে মূল্যায়ন আইনের বিধান অনুযায়ী করা হয়নি।
(iii) আইনের ধারা 159-এ উল্লিখিত কোনো বাইরের দেশ বা নির্দিষ্ট অঞ্চলের সরকারের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তির অধীনে প্রাপ্ত তথ্য।
(iv) তথ্য সংগ্রহের উদ্দেশে আইনের ধারা 260-এর অধীনে বিজ্ঞাপিত কোনো প্রকল্পের মাধ্যমে মূল্যায়ন কর্মকর্তাকে সরবরাহ করা তথ্য।
(v) ন্যায়াধিকরণ বা আদালতের কোনো আদেশের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য।
(vi) ধারা 253-এর অধীনে পরিচালিত সমীক্ষা (উপধারা 4 ব্যতীত) থেকে প্রাপ্ত তথ্য।
(vii) ধারা 274(6)-এর অধীনে অনুমোদনকারী প্যানেল কর্তৃক প্রদত্ত নির্দেশ।
(viii) আয়কর আইন, 2025-এর অধীনে কোনো কার্যধারায় কোনো কর্তৃপক্ষ, ন্যায়াধিকরণ বা আদালতের আদেশে উল্লিখিত অনুসন্ধান বা নির্দেশ, অথবা অন্য কোনো আইনের অধীনে পরিচালিত কার্যধারায় কোনো আদালতের আদেশে উল্লিখিত অনুসন্ধান বা নির্দেশ।
3. নতুন আইনের ধারা 280-এর অধীনে করদাতাকে নোটিশ জারি না করে কি মূল্যায়ন কর্মকর্তা কোনো মূল্যায়ন, পুনর্মূল্যায়ন বা পুনর্গণনা করতে পারেন?
না,আয়কর আইন 1961-এর ধারা 148-এর অনুরূপ ধারা 280-র অধীনে মূল্যায়ন কর্মকর্তা নোটিশ জারি না করে ধারা 279-এর অধীনে কোনো মূল্যায়ন, পুনর্মূল্যায়ন বা পুনর্গণনা করতে পারবেন না।
4. কোন্ কোন্ নির্দিষ্ট পরিস্থিতিতে নতুন আইনের ধারা 280-এর অধীনে নোটিশ জারির আগে মূল্যায়ন কর্মকর্তাকে ধারা 281-এ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয় না?
নতুন আইনের বিধান অনুযায়ী, সাধারণভাবে মূল্যায়ন কর্মকর্তাকে ধারা 281-এ নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তিনি ধারা 281(3)-এর অধীনে আদেশের সঙ্গে ধারা 280-এর অধীনে নোটিশ জারি করবেন। তবে, নিম্নলিখিত ক্ষেত্রে মূল্যায়ন কর্মকর্তা ধারা 281-এ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেও নোটিশ জারি করতে পারবেন, যদি তিনি নিম্নলিখিত তথ্য পেয়ে থাকেন:
(i)নতুন আইনের 260 ধারার অধীনে বিজ্ঞাপিত পরিচয়রহিত তথ্য সংগ্রহের প্রকল্পের আওতাভুক্ত তথ্য; অথবা
(ii)অধ্যায় XI-এর বিধান অনুযায়ী কোনো ব্যবস্থাকে অগ্রহণযোগ্য কর-পরিহার ব্যবস্থা হিসেবে ঘোষণার ক্ষেত্রে, সেই ঘোষণা কোন্ করবর্ষ বা বর্ষসমূহের জন্য প্রযোজ্য হবে তা নির্দিষ্ট করে ধারা 274(6);-এর অধীনে অনুমোদনকারী প্যানেল কর্তৃক প্রদত্ত নির্দেশ অথবা
(iii)এই আইনের অধীনে আপিল, রেফারেন্স বা পুনর্বিবেচনা-সংক্রান্ত কোনো কার্যধারায় কোনো কর্তৃপক্ষ, ন্যায়াধিকরণ বা আদালত কর্তৃক প্রদত্ত আদেশে অন্তর্ভুক্ত কোনো অনুসন্ধান বা নির্দেশ, অথবা অন্য কোনো আইনের অধীনে পরিচালিত কোনো কার্যধারায় আদালত কর্তৃক প্রদত্ত কোনো অনুসন্ধান বা নির্দেশ।
5.নতুন আইনের পুনর্মূল্যায়ন-সংক্রান্ত বিধানগুলি কোন্ কোন্ করবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
আয়কর আইন, 2025-এর পুনর্মূল্যায়ন-সংক্রান্ত বিধানগুলি [ধারা 279-286] কর বর্ষ 2026-27 এবং পরবর্তী করবর্ষগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 1 এপ্রিল, 2026-এর পূর্বে শুরু হওয়া যেকোনো করবর্ষের ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য কেবল পুরনো আইনের বিধানই প্রযোজ্য হবে।
6. আয়কর আইন, 2025-এর অধীনে পুনর্মূল্যায়ন সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়সীমা কত?
ধারা 286(1) [তালিকা: ক্র. নং 4] অনুযায়ী, ধারা 279-এর অধীনে পুনর্মূল্যায়ন আদেশ ধারা 280-এর অধীনে নোটিশ জারির অর্থবর্ষের শেষ দিন থেকে এক বছরের মধ্যে প্রদান করতে হবে। তবে, কিছু বিশেষ পরিস্থিতিতে [যেমন হস্তান্তর মূল্য নির্ধারণ-সংক্রান্ত রেফারেন্স, ITAT/আদালতের স্থগিতাদেশ ইত্যাদি] সময়সীমা বর্ধিত করার এবং নির্দিষ্ট সময় গণনার বাইরে রাখার বিধান রয়েছে।
7. যদি কোনো পূর্ববর্তী মূল্যায়ন বর্ষের জন্য পুরনো আইনের ধারা 147/148-এর অধীনে পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু হয়ে থাকে এবং তা 01.04.2026 তারিখে মুলতুবি থাকে, তাহলে কি সেই কার্যক্রম পুরনো আইনের অধীনেই চলতে থাকবে?
হ্যাঁ। আয়কর আইন, 2025-এর ধারা 536(2)(c)-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, নতুন আইন কার্যকর হওয়ার তারিখে মুলতুবি থাকা যেকোনো কার্যধারার ক্ষেত্রে রহিত আইনের বিধানগুলি প্রযোজ্য থাকবে। সুতরাং, পুরনো আইনের অধীনে ইতিমধ্যে শুরু হওয়া পুনর্মূল্যায়ন কার্যক্রম আয়কর আইন, 1961-এর বিধান অনুযায়ী পরিচালিত হতে থাকবে। উদাহরণ: মূল্যায়ন কর্মকর্তা 2025 সালের ডিসেম্বর মাসে মূল্যায়ন বর্ষ 2023-24-এর জন্য মিস্টার X-কে পুরনো আইনের ধারা 148A(1)-এর অধীনে নোটিশ জারি করেন এবং পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ধারা 148-এর অধীনে নোটিশ জারি করেন। মূল্যায়ন আদেশ 01.04.2026-এর পরে জারি হলেও পুনর্মূল্যায়ন কার্যক্রম পুরনো আইনের অধীনেই সম্পন্ন হবে।
8. 01.04.2026-এর পরে আয়কর বিভাগ কি মূল্যায়ন বর্ষ 2022-23 বা 2024-25-এর মতো পূর্ববর্তী মূল্যায়ন বর্ষগুলির জন্য পুরনো আইনের অধীনে নতুন করে পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু করতে পারবে?
হ্যাঁ, 1 এপ্রিল 2026-এর পরেও মূল্যায়ন, পুনর্মূল্যায়ন, সংশোধন, জরিমানা, পুনর্বিবেচনা ইত্যাদি কার্যক্রম মূল্যায়ন বর্ষ 2026-27 পর্যন্ত পূর্ববর্তী মূল্যায়ন বর্ষগুলির ক্ষেত্রে পুরনো আইনের অধীনে শুরু ও সম্পন্ন করা যেতে পারে। উদাহরণস্বরূপ, অর্থবর্ষ 2027-28-এ আয়কর বিভাগ মূল্যায়ন বর্ষ 2023-24-এর জন্য পুরনো আইনের অধীনে পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু করতে পারে, যদি আয়কর আইন, 1961-এ নির্ধারিত পুনর্মূল্যায়নের শর্তগুলি পূরণ হয়।
9. যদি পুরনো আইনের ধারা 148A(1)-এর অধীনে 01.04.2026-এর আগে নোটিশ জারি করা হয়ে থাকে, কিন্তু ধারা 148-এর অধীনে নোটিশ এখনও জারি করা না হয়ে থাকে, তাহলে কি তা 01.04.2026-এর পর জারি করা যেতে পারে?
হ্যাঁ। আয়কর আইন,2025-এর ধারা 536(2)(c)-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, নতুন আইন কার্যকর হওয়ার তারিখে মুলতুবি থাকা যেকোনো কার্যধারার ক্ষেত্রে রহিত আইনের বিধানগুলি প্রযোজ্য থাকবে। যেহেতু ধারা 148A(1)-এর অধীনে নোটিশ জারির মাধ্যমে আয়কর আইন, 1961-এর অধীনে কার্যধারা শুরু হয়েছে, তাই এর পরবর্তী সমস্ত কার্যক্রম—যেমন ধারা 148A(3)-এর অধীনে আদেশ এবং ধারা 148-এর অধীনে নোটিশ জারি—1961 সালের আইনের বিধান অনুযায়ী পরিচালিত হবে। তবে, এই ধারাবাহিকতা আয়কর আইন, 1961-এর ধারা 149-এ নির্ধারিত সময়সীমা মেনে চলার শর্তসাপেক্ষ। উদাহরণ:মূল্যায়ন কর্মকর্তা 20 মার্চ, 2026 তারিখে মূল্যায়ন বর্ষ 2022-23-এর জন্য একজন করদাতাকে ধারা 148A(1)-এর অধীনে ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেন। করদাতার জবাব বিবেচনার পর মূল্যায়ন কর্মকর্তা 15 এপ্রিল, 2026 তারিখে ধারা 148A(3)-এর অধীনে আদেশ জারি করেন এবং 30 এপ্রিল, 2026 তারিখে পুরনো আইনের ধারা 148-এর অধীনে নোটিশ জারি করেন। নতুন আইন 1 এপ্রিল, 2026 থেকে কার্যকর হলেও এই সমস্ত কার্যক্রম বৈধ বলে গণ্য হবে।
10. 01.04.2026 তারিখে নতুন আইন কার্যকর হওয়ার পর মূল্যায়ন বর্ষ 2026-27 বা তার পূর্ববর্তী কোনো মূল্যায়ন বর্ষের জন্য পুনর্মূল্যায়নের নোটিশ জারি করতে কার অনুমোদন প্রয়োজন হবে?
যেহেতু মূল্যায়ন বর্ষ 2026-27 অথবা তার পূর্ববর্তী কোনো মূল্যায়ন বর্ষের মূল্যায়ন কার্যক্রম পুরনো আইন দ্বারা পরিচালিত হবে, তাই পুরনো আইনের ধারা 151-এ নির্ধারিত অনুমোদন কাঠামোই প্রযোজ্য হবে। সুতরাং, আয়কর আইন, 1961-এর ধারা 148 এবং 148A-এর উদ্দেশে অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত পরিচালক, যুগ্ম কমিশনার অথবা যুগ্ম পরিচালকই নির্ধারিত কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবেন।
11.পুরনো আইনের ধারা 148-এর অধীনে মূল্যায়ন বর্ষ 2022-23-এর জন্য যদি 2026 সালের ফেব্রুয়ারিতে পুনর্মূল্যায়নের নোটিশ জারি করা হয়ে থাকে এবং করদাতা এখনও সেই নোটিশের জবাবে রিটার্ন দাখিল না করে থাকেন, তাহলে কি 01.04.2026-এর পরেও সেই রিটার্ন দাখিল করা যাবে?
হ্যাঁ। যেহেতু সম্পূর্ণ পুনর্মূল্যায়ন কার্যক্রম পুরনো আইন দ্বারা পরিচালিত হয় [ধারা 536(2)(c) অনুযায়ী],তাই করদাতাকে ধারা 148-এর নোটিশের জবাবে পুরনো আইনের কাঠামো অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। এই রিটার্ন নোটিশে উল্লিখিত সময়সীমার মধ্যে দাখিল করতে হবে, যা ধারা 148-এর নোটিশ জারির মাসের শেষ দিন থেকে তিন মাসের বেশি হতে পারবে না। ITR যে ফর্মে দাখিল করতে হবে, সেটিও আয়কর আইন, 1961-এর অধীন প্রযোজ্য ফর্ম হবে।
12. একই করদাতার ক্ষেত্রে মূল্যায়ন কর্মকর্তা কি একযোগে মূল্যায়ন বর্ষ 2024-25-এর (পুরনো আইনের অধীনে) পুনর্মূল্যায়ন এবং কর-বর্ষ 2026-27-এর (নতুন আইনের অধীনে) মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে পারবেন?
হ্যাঁ। এগুলি দুটি ভিন্ন আইনের অধীনে দুটি ভিন্ন আয়কাল-সংক্রান্ত স্বতন্ত্র কার্যক্রম। প্রয়োজন হলে বিভাগ একই সময়ে উভয় কার্যক্রম পরিচালনা করতে পারে। মূল্যায়ন বর্ষ 2024-25-এর পুনর্মূল্যায়ন কার্যক্রম পুরনো আইনের অধীনে পরিচালিত হবে, আর কর-বর্ষ 2026-27-এর মূল্যায়ন কার্যক্রম নতুন আইনের অধীনে পরিচালিত হবে।
13. 1 এপ্রিল, 2026-এর আগে শুরু হওয়া কোনো কর-বর্ষ সংক্রান্ত জরিমানা কার্যক্রম কোন্ আইনের অধীনে পরিচালিত হবে?
ধারা 536(2)(d)-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, 1 এপ্রিল, 2026-এর পূর্বে শুরু হওয়া কোনো কর বর্ষের জন্য জরিমানা আরোপ-সংক্রান্ত কার্যক্রম শুরু করা যেতে পারে এবং নতুন আইন প্রণীত হয়নি বলে ধরে নিয়ে পুরনো আইনের অধীনে জরিমানা আরোপ করা যেতে পারে। সুতরাং, পূর্ববর্তী বর্ষগুলির পুনর্মূল্যায়ন থেকে উদ্ভূত জরিমানার ক্ষেত্রে আয়কর আইন, 1961-এ নির্ধারিত জরিমানা-সংক্রান্ত বিধানই প্রযোজ্য হবে।